বিশ্বে আমেরিকার নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কথা উল্লেখ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেছেন, ইরানের মহান জাতি কখনো আধিপত্যবাদী শক্তি ও দখলদার ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে মাথা নত করবে না। বরং তাদেরকেই নতি স্বীকারে বাধ্য করবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তেহরানে ইমাম খোমেনি (রহ.)-এর মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওয়াহিদি বলেন, আমেরিকা কখনোই বর্তমান সময়ের মতো এতটা আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়েনি। ইরানের জনগণ আমেরিকা ও ইসরাইলি শাসকগোষ্ঠীর সামনে কখনো মাথা নত করবে না।
তিনি আরও বলেন, ইরান বর্তমানে আরেকটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুত। ইরানের জনগণ তাদের শহীদ ইমামের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা পালন করছেন। তাদের দৃঢ় অবস্থানের ফলেই আধিপত্যবাদী শক্তি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এর মূল কারণ ইরানের মহান জনগণের অবিচল প্রতিরোধ।
আইআরজিসি প্রধান বলেন, আজ আমেরিকা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটি আগে কখনো এতটা একঘরে অবস্থায় পড়েনি। আমেরিকা যাদের কাছেই সহযোগিতা চেয়েছে, ইরানের জনগণের ভয়ে তারা প্রকাশ্যে সহায়তা করতে এগিয়ে আসেনি। কিছু দেশ গোপনে সহায়তা দিলেও আমেরিকা এর চেয়ে অনেক বেশি প্রত্যাশা করেছিল।
মেজর জেনারেল ওয়াহিদি দৃঢ়তার সঙ্গে বলেন, ইরানের জনগণ কখনো আধিপত্যবাদী শক্তি ও ইসরাইলি শাসকগোষ্ঠীর সামনে মাথা নত করবে না। বরং তাদেরকেই নতি স্বীকারে বাধ্য করবে।
সূত্র: পার্স টুডে, প্রেস টিভি, ইরান ইন্টারন্যাশনাল











