চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে দু-তিনজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আমিনুর রহমান চৌধুরী জানান, রাত ২টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা তাঁর বাড়ির সামনের দরজার জানালা ফাঁক করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই তারা পালিয়ে যায়।
তিনি জানান, ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তাঁর ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
আমিনুর রহমান চৌধুরী আরও জানান, বিষয়টি তিনি রাতেই টহল দায়িত্বে থাকা পুলিশ বিটের উপপরিদর্শক (এসআই) বাবুকে অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থলও পরিদর্শন করেছে। তিনি বলেন, জিডি করবেন এবং পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। বাঁশখালীতে যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা না ঘটে, সেদিকে পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী এবং সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রাহিম খলিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।











