spot_img
spot_img

পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম দিদারুল আলম। তিনি জাবেদ আলমের ছেলে এবং কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। হামলায় রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন দিদারুল আলম। এ ছাড়া আগামী ১৯ নভেম্বর এলাকায় নাশকতা সৃষ্টির মূল ইন্ধনদাতা হিসেবেও তিনি গোয়েন্দা নজরদিতে ছিলেন।

মঙ্গলবার রাতে দিদারুল আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

পুলিশ জানায়, এ সময় ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি দিদারুল আলমকে ছিনিয়ে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ