spot_img
spot_img

তেহরানে ইসিও সম্মেলনে অংশগ্রহন করতে যাচ্ছে আফগানিস্তান

আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইসিও)-এর আসন্ন ১৮তম সম্মেলনে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান অংশ নেবে। আগামী ৩ ও ৪ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী

রোববার (২২ নভেম্বর) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের প্রধান হাফিজ জিয়া আহমদ তাকাল জানান, সম্মেলনে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবে এই প্রতিনিধি দল। সম্মেলনে ইসিওভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিয়ে আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১৫ ও ১৬ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইসিও পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ৩০তম বৈঠকে আফগানিস্তানকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। আঞ্চলিক সংস্থাটির সদস্য হওয়া সত্ত্বেও দেশটিকে ওই বৈঠক থেকে বাদ দেওয়া হয়।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, বর্তমান আফগান প্রশাসনকে স্বীকৃতি না দেওয়ায় ইসলামাবাদ কাবুলকে বৈঠকে আমন্ত্রণ জানায়নি। পাকিস্তানি কর্মকর্তারা আরও জানিয়েছিলেন, ইসিও সচিবালয় আফগানিস্তানের সদস্যপদ স্থগিত করেছে।

পাকিস্তানের এ সিদ্ধান্ত আফগান কর্মকর্তাদের সমালোচনার মুখে পড়ে। তারা বলেছিলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে আফগানিস্তানকে আঞ্চলিক অর্থনৈতিক উদ্যোগ ও সহযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত রাখা উচিত নয়।

তেহরান সম্মেলনে আফগানিস্তানের অংশগ্রহণের মাধ্যমে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, পরিবহন যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাবুলের সম্পর্ক পুনরায় সক্রিয় করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ