spot_img
spot_img

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বহুমুখী উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনতে বহুমুখী উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে ঋণ আদায় তৎপরতা বাড়ানো, বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকর করা, ব্যাংকগুলোর ওপর তদারকি জোরদার ও ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করে খেলাপি ঋণ আদায়ে গতি আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ২৯ জুন চালু হওয়া এ নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রয়েছে।

২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

তবে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে ঋণ আদায় বাড়ানো এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার বেশি, সেগুলোর ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনায় ১০ শতাংশের বেশি শ্রেণিকৃত ঋণের হার থাকা ব্যাংকগুলোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠক এবং খেলাপি ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ব্যাংকগুলোর শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে ঋণ আদায়ের অগ্রগতি ব্যাংকার্স সভায় পর্যালোচনা করা হচ্ছে।

খেলাপি ঋণ কমানোর পাশাপাশি নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি ঠেকাতে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন শক্তিশালী করা এবং ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুসারে এক্সপেকটেড ক্রেডিট লস (ইসিএল) কাঠামো চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকগুলো সম্ভাব্য ঋণক্ষতি আগেভাগে মূল্যায়ন করে প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণ করতে পারবে।

এদিকে, খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদ দ্রুত আদায়ে প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন ও অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ রয়েছে। পাশাপাশি দুর্বল সুশাসন ও ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি রয়েছে এমন ব্যাংকগুলোতে বিশেষ সম্পদমান পর্যালোচনা জোরদার করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, পুনর্গঠন বা পুনঃতফসিলের সুবিধা কেবল এমন ব্যবসাপ্রতিষ্ঠানকে দেওয়া উচিত, যাদের ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার সক্ষমতা ও ঋণ পরিশোধের সামর্থ্য রয়েছে। অন্যদিকে, যারা ঋণ পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা নিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ