spot_img
spot_img

লন্ডন থেকে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় বিমানবন্দরে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম লন্ডন সফর শেষে আজ দেশে ফিরছেন। দেশে ফেরার পর সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করবেন তিনি।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনসিপি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সংলাপে বসছে এনসিপি। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগের অংশ হিসেবে এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম নাহিদ ইসলাম দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হবে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ