spot_img
spot_img

ড. ইউনূসের সাবেক প্রেস সচিবের মতে, সালাহউদ্দিনের পাতা ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতার পথে এগিয়ে গিয়ে নিজেরাই সেই কৌশলের ফাঁদে পা দিয়েছে।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ড অনেকের কাছে সরকারের দুর্বলতা কিংবা দলটির ফিরে আসার সম্ভাবনার ইঙ্গিত মনে হলেও বাস্তবে এটি ছিল একটি রাজনৈতিক ফাঁদ।

শফিকুল আলম বলেন, সালাহউদ্দিন আহমেদের এই কৌশল অনেকের মনে বিস্ময়ের জন্ম দিলেও পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার কারণে দলটি রাজনৈতিকভাবে আরও চাপে পড়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ এবং থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। এমনকি দাড়ি রাখা ও টুপি পরা বাসযাত্রীদের থামিয়ে তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাইয়ের ঘটনাও ঘটেছে।

গোপালগঞ্জের সহিংসতায় পাঁচজনের মৃত্যু, বাসে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ও ককটেল হামলার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, এসব কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাকেই ক্ষতিগ্রস্ত করেছে।

শফিকুল আলম বলেন, সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চলের বাইরে উল্লেখযোগ্যভাবে ছড়িয়ে পড়েনি। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর সালাহউদ্দিন আহমেদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। তবে নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযান শুরুর আগেই নিষিদ্ধ আওয়ামী লীগের তরুণ কর্মীরা অন্য জেলাগুলোতে পালিয়ে গেছেন।

শফিকুল আলমের পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানের বিষয়টিও উঠে এসেছে।

তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। জামায়াতে ইসলামীর আমীর দ্রুত এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন। এর পরদিন জামায়াত ও তাদের মিত্ররা বিরোধীদের মোকাবিলায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।

তিনি আরও বলেন, সংসদে থাকা দলগুলোর এই ঐক্য নির্বাচনের পর থেকে যে রাজনৈতিক সমন্বয়ের অভাব ছিল, তা কাটিয়ে ওঠার একটি দৃশ্যমান প্রচেষ্টা। এই ঐক্যের ফলে নিষিদ্ধ আওয়ামী লীগের সামনে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ সীমিত হয়ে এসেছে। দলটির সামনে এখন সহিংসতা বাড়ানো অথবা রাজনৈতিকভাবে ক্রমশ গুরুত্ব হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের সামনে দুটি পথ

শফিকুল বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যদি সরকার ও বিরোধী দলগুলোকে রাজনৈতিক সমঝোতায় বাধ্য করতে চায়, তাহলে সহিংসতার মাত্রা বাড়ানোর চেষ্টা করতে পারে। তবে এ ধরনের পদক্ষেপ দলটিকে সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করবে।

আরও হত্যাকাণ্ড ও আকস্মিক হামলার ঘটনা ঘটলে জনরোষ কিংবা গণপ্রতিশোধের আশঙ্কা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয়। ফলে দীর্ঘমেয়াদে সহিংসতা বাড়ানোর কৌশল দলটির জন্য টেকসই হবে না। দলটির পলাতক নেতৃত্ব যত দ্রুত বিষয়টি উপলব্ধি করবে, মাঠপর্যায়ের নেতাকর্মীদের জন্য ততই মঙ্গল হবে।

শফিকুল আলম তার পোস্টে নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং ভারতের অবস্থান নিয়েও বিশ্লেষণ তুলে ধরেছেন।

তিনি বলেন, জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। হাসিনা দেশে ফিরতে চাইলে এর মধ্যেই ফেরার পথ খুঁজে বের করতে হবে। বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে নেবে না, যদি না প্রত্যর্পণের মাধ্যমে তাকে আনা হয়।

ভারত হাসিনাকে প্রত্যর্পণ করবে না বলে শ্রীরাধা দত্তের বক্তব্য উল্লেখ করেন তিনি। তিনি বলেন, তবে রমজানের পর বর্ষাকাল এলে হাসিনা ও কলকাতায় অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে ভারতের অবস্থান নতুন করে পর্যালোচনার প্রয়োজন হতে পারে।

এমন পরিস্থিতিতে তাদের পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে বৃটেনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। একই সঙ্গে হাসিনার রাজনৈতিক বক্তব্যের প্রতি পশ্চিমা ও ভারতীয় সংবাদমাধ্যমের আগ্রহ কমে আসতে পারে।

ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্ক নিয়েও সম্ভাবনার কথা তুলে ধরেন শফিকুল আলম। তার মতে, একপর্যায়ে নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক সফর আয়োজনের জন্য প্রস্তুতি নিতে পারে। একইভাবে ২০২৯ সালের কোনো এক সময়ে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের আধা-সরকারি সফরে ভারত যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ