আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও ব্যর্থতা জনগণের সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে যিনি ১৮ কোটি মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অব্যাহত সন্ত্রাস ও হামলা অস্বীকার করে আজগুবি ও হাস্যকর মন্তব্যের মাধ্যমে নিজের ব্যর্থতা আড়াল করতে চান, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের প্রয়োজন নেই।
রোববার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, খাগড়াছড়িতে তাঁর পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা করা হয়েছে। এখন হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। আজকের ঘটনাসহ নিষিদ্ধ লীগের প্রতিটি অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জুলাইপন্থী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পরও সরকারের নিষ্ক্রিয়তা বিস্ময়কর।
ভিপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভুলে গেছে, শেখ হাসিনার মতো বিশ্বাসঘাতকরাই পালায়, দেশপ্রেমিকরা নয়। আমরা তিতুমীর, শরিয়তউল্লাহ, ঈসা খাঁ ও শহীদ ওসমান হাদির সংগ্রামের উত্তরসূরি। এসব কাপুরুষোচিত হামলা আমাদের মনোবল আরও দৃঢ় করেছে। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এখন আরও দ্বিগুণ শক্তিতে চলবে। এই দেশের মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের সব রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি উৎখাত করেই ছাড়ব, ইনশাআল্লাহ।
সাদিক কায়েম বলেন, সকাল থেকে অনেকেই তাঁর পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন। বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন, ডাকসুসহ বিভিন্ন ছাত্রসংসদের নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ কৃতজ্ঞতা প্রতিবেশী ও এলাকাবাসীর প্রতি, যারা তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন।











