কর্মবাজারের চাহিদার সঙ্গে দেশের উচ্চশিক্ষাকে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তব প্রয়োজন নেই এমন বিভাগ চালু না করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই বেকারত্বের কারখানায় পরিণত হতে দেওয়া যাবে না। কর্মসংস্থানের চাহিদা রয়েছে এমন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। বেকারত্ব দূর করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সমন্বয় জোরদার করে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিক উদ্যোগে রূপান্তর করতে হবে, যাতে তা সমাজ ও অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট রয়েছে উল্লেখ করে তিনি এসব বরাদ্দ যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।











