সরকারের ভেতরেই একটি ছায়া সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, প্রশাসনের দায়সারা কর্মকাণ্ড জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, তা জনগণের কাছে প্রমাণিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় দলের মহানগর উত্তর কার্যালয়ে তুরাগ উত্তর থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন থানা আমীর মো. মতিউর রহমান।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আরও সজাগ হতে হবে। প্রিয় জন্মভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে, ইনশাআল্লাহ। তারা একটি মানবিক ঢাকা গড়ে তুলতে চান এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না, সে সরকার জনগণের সরকার নয়। জনগণের ৭০ শতাংশ ভোটের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করাকে তিনি সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে এবং এর মাশুল দিতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের বিশেষ অধিবেশন ডেকে জুলাই সংস্কারের যে শপথ নেওয়া হয়নি, সেই ভুলের মাশুল দিয়ে জুলাই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন। সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তর ঘটিয়ে ফ্যাসিবাদী চরিত্রের শাসনব্যবস্থা বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করার ব্যবস্থা নিন।
সমাবেশে সংগঠনের কর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং তারা যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দায়িত্বশীলদের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।











