spot_img
spot_img

ফিলিস্তিনে ইসরাইলের হামলা সব অর্থেই ইহুদি সন্ত্রাসবাদ: আইজেনকট

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছেন ইসরাইলের ইয়াশার পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী মনোনীত গাদি আইজেনকট। এসব হামলার জন্য নেতানিয়াহু সরকারের মন্ত্রীদের দায়ী করে তিনি দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (২২ নভেম্বর) মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট এ মন্তব্য করেন। আনাদোলু।

আইজেনকট লিখেছেন, “এসব হামলা সব অর্থেই ইহুদি সন্ত্রাসবাদ।”

তিনি বলেন, ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের নেতৃত্বে পশ্চিম তীরে যেসব হামলা পরিচালিত হচ্ছে, তা এলাকাটিকে লাগামহীন বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।”

ইসরাইলি সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে আইজেনকট আরও বলেন, দাঙ্গাকারীদের থামাতে এবং তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রশাসনিক আটক ও শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযানসহ নিজেদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করতে হবে।

‘অপরাধমূলক অবহেলা’

বিরোধী নেতা ইয়ার লাপিদও ‘ইহুদি সন্ত্রাসবাদ’ উসকে দেওয়ার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেছেন।

এক্সে তিনি বলেন, “ইহুদি সন্ত্রাসবাদ ইসরাইলি সরকারের অপরাধমূলক অবহেলার ফল।”

তিনি অভিযোগ করেন, সরকারের মন্ত্রীরা নীরবতার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দখলদারদের সহিংসতাকে উৎসাহিত করছেন।

লাপিদ আরও বলেন, আমরা যখন সরকার গঠন করব, তখন এই সন্ত্রাসবাদের মোকাবিলা করব এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব, আইনের শাসন ও জনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করব।

২০২২ সালের শেষ দিক থেকে নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার হিসেবে পরিচিত একটি সরকার পরিচালনা করছেন।

গত ৮ নভেম্বর ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ‘পরিবর্তন ব্লকের’ নেতা আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এ দায়িত্ব পালনের জন্য তাকে ওই দিন থেকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে তিনি ব্যর্থ হলে অন্য একজন নেসেট সদস্যকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হবে।

‘তৃতীয় ইন্তিফাদা’র আশঙ্কা

ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান তৃতীয় ইন্তিফাদার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে বলেছেন, পশ্চিম তীর ‘বিস্ফোরণের দ্বারপ্রান্তে’ রয়েছে।

ফিলিস্তিনিদের প্রথম দুটি ইন্তিফাদা শুরু হয়েছিল ১৯৮৭ ও ২০০০ সালে।

এক্সে গোলান বলেন, যারা তৃতীয় ইন্তিফাদা ঠেকাতে চায়, তাদের বর্তমান সরকার পরিবর্তন করতে হবে। এই সরকার ইহুদি সন্ত্রাসবাদকে আশ্রয় ও সমর্থন দিচ্ছে এবং নিরাপত্তা পরিত্যাগ করছে।

তিনি আরও বলেন, ইহুদি সন্ত্রাসবাদ নিরীহ ফিলিস্তিনি ও ইসরাইলি সেনাদের ক্ষতি করছে এবং ইসরাইলকে নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে।”

অবসরপ্রাপ্ত সেনা মেজর জেনারেল ও নেসেট সদস্য নোয়াম তিবনও একই ধরনের সতর্কতা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ইসরাইল যদি পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ নির্মূল করতে না পারে, তাহলে তা ইসরাইলকে ধ্বংস করে দেবে।

তিনি আরও বলেন, গত কয়েক মাসে আমরা যে নিষেধাজ্ঞাগুলো দেখেছি, সেগুলো কেবল শুরু। এই প্রবণতা দৃঢ়ভাবে নির্মূল করা না হলে ইসরাইলি ব্যাংকগুলোর ওপর ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

বুধবার অস্ট্রেলিয়া তিন ব্যক্তি ও চারটি ইসরাইলি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে একটি নির্মাণ কোম্পানিও রয়েছে। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর একদিন আগে বৃটেন পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে জড়িত আটটি ইসরাইলি নির্মাণ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ১৯৬৭ সাল থেকে জাতিসংঘ পশ্চিম তীরকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।

ফিলিস্তিনি গ্রামে অগ্নিসংযোগ

ডেমোক্র্যাটস পার্টির নেসেট সদস্য ইয়ায়া ফিঙ্ক ‘ইহুদি সন্ত্রাসবাদ’ নিয়ে জরুরি বৈঠক আহ্বানের জন্য পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আভিগদর লিবারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরাইলের চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।

ফিঙ্ক বলেন, “কণ্ঠস্বর নেতানিয়াহু, বেন-গভির ও স্মোত্রিচের, আর হাতগুলো ইহুদি সন্ত্রাসীদের।”

তিনি আরও বলেন, সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেসেটে আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের তলব করতে হবে এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কাছে দাবি জানাতে হবে।

দৈনিক হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যায় পশ্চিম তীরের পাঁচটি স্থানে দখলদাররা অগ্নিসংযোগ ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

মধ্য পশ্চিম তীরের দেইর আল-সুদান, কাফর মালিক ও দেইর আবু মাশাল, দক্ষিণের আল-তুওয়ানি এবং উত্তরের দেইর বালুত এলাকায় এসব হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাগুলো নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা স্পষ্ট করেনি।

অধিকৃত পশ্চিম তীর ও অধিকৃত পূর্ব জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি বসতি-চৌকিতে প্রায় ৭ লাখ ৫০ হাজার দখলদার বসবাস করছে।

ফিলিস্তিনি উপনিবেশ ও দেয়াল প্রতিরোধ কমিশনের তথ্য অনুযায়ী, অক্টোবরে ইসরাইলি সেনাবাহিনী ও দখলদাররা ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলা ইসরাইলি সেনাবাহিনী এবং ১ হাজার ৩৬৯টি হামলা দখলদারদের দ্বারা সংঘটিত হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজ্জায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরাইলি সেনাবাহিনী এবং দখলদারদের হামলা বেড়েছে। এসব হামলার ধারাবাহিকতায় সর্বশেষ ঘটনাগুলো ঘটেছে।

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। এ ছাড়া ২০২৩ সালের অক্টোবরে গাজ্জায় শুরু হওয়া ইসরাইলি যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

সূত্র: দৈনিক হারেৎজ, চ্যানেল ১২, আনাদোলু এজেন্সি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ