পশ্চিম তীরে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ নির্মূল করতে ব্যর্থ হলে ইসরাইল ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন দেশটির অবসরপ্রাপ্ত সেনা মেজর জেনারেল ও নেসেট সদস্য নোয়াম তিবন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা অব্যাহত থাকলে ইসরাইলি ব্যাংকগুলোর ওপরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে।
রোববার (২২ নভেম্বর) মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নোয়াম তিবন বলেন, ইসরাইল যদি পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ নির্মূল করতে না পারে, তাহলে তা ইসরাইলকে ধ্বংস করে দেবে।
তিনি বলেন, গত কয়েক মাসে আমরা যে নিষেধাজ্ঞাগুলো দেখেছি, সেগুলো কেবল শুরু। এই প্রবণতা দৃঢ়ভাবে নির্মূল করা না হলে ইসরাইলি ব্যাংকগুলোর ওপর ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতার ঘটনায় তিন ইসরাইলি ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।
বুধবার (১৮ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং নিষেধাজ্ঞার ঘোষণা দেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি নির্মাণ কোম্পানিও রয়েছে।
এর একদিন আগে ব্রিটেন পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে জড়িত আটটি ইসরাইলি নির্মাণ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ১৯৬৭ সাল থেকে জাতিসংঘ পশ্চিম তীরকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।
সূত্র : আনাদোলু এজেন্সি











