কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। এতে কার্যালয়ের বারান্দায় আগুন জ্বললেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের নগুয়া জেলখানা রোড এলাকায় অবস্থিত দুদক কার্যালয়ের দ্বিতীয় তলা লক্ষ্য করে পেট্রোল বোমা দুটি নিক্ষেপ করা হয়।
দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন জানান, রাতে অফিসের কলাপসিবল গেট বন্ধ ছিল। রাত ১১টার দিকে কার্যালয়ের দ্বিতীয় তলার সামনের দিকে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দুটি বারান্দায় পড়ে আগুন জ্বলে ওঠে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।











