কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শুধু সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনে সংবিধান সংশোধন করে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়। সামনে সংসদ অধিবেশনে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ায় সরকারি ও বিরোধী দল এ বিষয়ে একমত হবে বলে আশা করেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খাঁন। সভাটির আয়োজন করে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)।
আলোচনা সভায় রাশেদ খাঁন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নিষিদ্ধ আওয়ামী লীগ দেশজুড়ে সন্ত্রাসী তৎপরতা, অগ্নিসংযোগ ও সহিংসতা চালাচ্ছে।
গোপালগঞ্জে হামলা ও হাসপাতালে ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনেও উঠে এসেছে যে বিএনপি সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করতে নিষিদ্ধ আওয়ামী লীগ এই জ্বালাও-পোড়াও শুরু করেছে।
ব্যক্তিগত মত প্রকাশ করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনতার আদালতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার হয়ে গেছে। জনগণ রায় দিয়ে দিয়েছে যে বাংলার মাটিতে তাদের আর রাজনীতি করার অধিকার নেই।
জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিল উত্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, এখন সেই জনমত তৈরি হয়েছে। এই জনমতকে কাজে লাগিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এ নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে।
সীমান্তের ওপারে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা ষড়যন্ত্র ও বৈঠক করছেন বলে অভিযোগ তুলে রাশেদ খাঁন বলেন, ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
ডিসেম্বরের মাঝামাঝি সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে ‘পুশ-ইন’ করার এবং এর সুযোগে ভারতের এনআইডি বাতিল হওয়া নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে, গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের সূত্র ধরে তিনি সীমান্তবর্তী এলাকার মানুষ ও গ্রামবাসীকে সীমান্তে পাহারা বসানোর আহ্বান জানান।
রাশেদ খাঁন বলেন, আমরা ভারতের সঙ্গে মর্যাদার সম্পর্ক চাই, যুদ্ধ নয়, শান্তি চাই। তবে বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। একাত্তর, নব্বই এবং চব্বিশের রক্তক্ষয়ী অভ্যুত্থানের ইতিহাস ভুলে গিয়ে বড় রাষ্ট্র হিসেবে কেউ কিছু চাপিয়ে দিতে চাইলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা এবং বিদেশি আগ্রাসন মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে রাশেদ খাঁন জানান, প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি ও বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে ভিন্নমত থাকা স্বাভাবিক হলেও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও হত্যাযজ্ঞ বন্ধের প্রশ্নে কোনো ভিন্নমত থাকতে পারে না।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনার জবাবে রাশেদ খাঁন দাবি করেন, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালালে সেই সুযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা পাঁচশত সাধারণ মানুষকে হত্যা করে আন্তর্জাতিক মহলে সরকারকে দায়ী করার ফাঁদ পেতেছিল। সরকার সেই ফাঁদে পা দেয়নি বলেও দাবি করেন তিনি।
একই সঙ্গে আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানসহ সমালোচকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারে থাকার কারণে তাদের অনেক কথা সহ্য করতে হচ্ছে। এখন বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময়।
বক্তব্যের শেষাংশে গণমাধ্যম ও টক শো আলোচকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি প্রশ্ন তোলেন, আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর, নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও নিষিদ্ধ যুবলীগের তৎপরতা এবং গোপালগঞ্জের সহিংসতার খবর কৌশলে প্রচার বা সরাসরি সম্প্রচার করা সাংবাদিকতার নৈতিকতার মধ্যে পড়ে কি না।
এ ছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন এমন ব্যক্তিদের সঙ্গে কোনো টক শোতে অংশ না নেওয়ার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।











