আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য, বেফাকুল মাদারিস কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশের সভাপতি ও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সাবেক খতীব মুফতী রুহুল আমীনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আল-হাইআতুল উলয়া। তার গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
সোমবার (২৩ নভেম্বর) আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা সাজিদুর রহমানের সভাপতিত্বে ছয় বোর্ডের প্রতিনিধিদের এক সভায় এ উদ্বেগ জানানো হয়। সভা থেকে মুফতী রুহুল আমীনকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ১৮ নভেম্বর মুফতী রুহুল আমীনকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়। তার গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়া গভীর উদ্বেগ প্রকাশ করছে।
মুফতী রুহুল আমীন দেশের কওমি মাদরাসা অঙ্গনের একজন শ্রদ্ধেয় আলেম ও শিক্ষাবিদ। কওমি মাদরাসার শিক্ষা ও সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার সম্পৃক্ততা রয়েছে। তার গ্রেফতার ও রিমান্ডে কওমি অঙ্গনের আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের দ্বীনি জনতা উদ্বিগ্ন ও ব্যথিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় সরকারের প্রতি তিনটি দাবি জানিয়েছে আল-হাইআতুল উলয়া। দাবিগুলো হলো, মুফতী রুহুল আমীনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তার প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং দেশের আলেম-উলামার মর্যাদা রক্ষা করতে হবে।
বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। পাশাপাশি দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রেখে তার সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী এনামুল হক, জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মু: অছিউর রহমান।











