নেত্রকোণার মদনে ২০ টাকা টোল আদায় নিয়ে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে নিহত হয়েছেন ৮৬ বছর বয়সী প্রবীণ জুলাইযোদ্ধা আব্দুল বারেক। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে তিনি এক চোখ হারিয়েছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯)কে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। আটক আতিকুল ইসলাম পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভায় চলাচলরত যানবাহন থেকে টোল আদায়ের জন্য ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে মদনে আসার পথে একটি যাত্রীবাহী সিএনজি থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে টোল আদায়কারী ও চালকের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে সিএনজিতে থাকা জুলাইযোদ্ধা আব্দুল বারেক বিরোধ থামাতে এগিয়ে যান। এ সময় টোল আদায়কারীর ঘুষিতে তিনি আহত হন।
পরে দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম বলেন, অভিযুক্ত টোল আদায়কারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











