spot_img
spot_img

ইসলামে নারীর মর্যাদার যথাযথ প্রতিফলন না হওয়ায় নারী নির্যাতন বন্ধ হচ্ছে না: মিয়া গোলাম পরওয়ার

ইসলামে নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, তার যথাযথ প্রতিফলন সমাজে না হওয়ায় নারী নির্যাতন বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সামাজিক অগ্রযাত্রায় নারীদের অবদানের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি। তবে বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, নারীরা বর্তমানে সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখছেন। সামাজিক অগ্রযাত্রায় তাঁদের অবদানের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি। তবে বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, মৌলিক মানবিক অধিকার ও প্রত্যেক নারীর আত্মমর্যাদা নিয়ে সমাজে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সব ধরনের নির্যাতন ও নিপীড়ন বন্ধে পরিবার, সমাজ, সরকার ও দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশে নারীদের ওপর সহিংসতা, নির্যাতন, হত্যা ও নিপীড়নের ঘটনা বেদনাদায়ক উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিভিন্ন দেশের সরকার ও সামাজিক সংগঠনগুলো নারীদের সহায়তায় এগিয়ে এলেও তা পর্যাপ্ত নয়। ইসলামে নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, তার যথাযথ প্রতিফলন না হওয়ায় এসব নির্যাতন বন্ধ হচ্ছে না। নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা গেলে শুধু নারী নির্যাতনই বন্ধ হবে না, বরং সামাজিক স্থিতিশীলতা, শৃঙ্খলা ও শান্তিও প্রতিষ্ঠিত হবে।

নারী নির্যাতন বন্ধে নৈতিক শিক্ষা, সামাজিক আন্দোলন ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদানের পাশাপাশি গণপরিবহনসহ জনপরিসরে কর্মজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের জন্য সম্মানজনক পরিবেশ গড়ে তুলতে রাষ্ট্র ও সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এমন সামাজিক পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে, যেখানে নারীরা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সহিংসতা কিংবা নির্যাতনের শিকার হবেন না।

গোলাম পরওয়ার বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখনো নারীদের বড় একটি অংশ ধর্ষণ, হত্যা ও অন্যান্য নিপীড়ন থেকে মুক্তি পাননি। দেশের বিভিন্ন কলকারখানায় কর্মরত নারীরাও নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের খবরে উঠে আসছে। এসব নিপীড়ন ও নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে।

বিবৃতিতে নারী নির্যাতন প্রতিরোধে সরকার, দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও দেশবাসীর প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ