পদ-পদবি ও ক্ষমতার অপব্যবহার করে ভবিষ্যতে কেউ যেন গুম-খুনের মতো ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে, সেজন্য এসব অপরাধের দৃশ্যমান বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, এ ধরনের অপরাধের বিচার এমন হতে হবে, যেন ভবিষ্যতে কেউ নিজের পদমর্যাদা ব্যবহার করে এসব অপরাধে জড়ানোর সাহস না পান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের অপরাধে রাষ্ট্রের কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে বিচার নিশ্চিত করা। সেনাবাহিনীর প্রতি মানুষের অনেক আস্থা ও শ্রদ্ধা রয়েছে। কিন্তু দু-একজন সদস্যের কর্মকাণ্ড সেই শ্রদ্ধায় আঘাত করেছে। কিছু সামরিক কর্মকর্তার বিবেক জাগ্রত হয়েছে। তারা এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে এসেছেন। তাদের সাক্ষ্যেও সেই বিষয়টি উঠে এসেছে।
তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জিয়াউল আহসান শুধু পদোন্নতি বা র্যাংকই পাননি, তার আর্থিক উন্নতিও হয়েছে। অবৈধ সম্পদের পাহাড় গড়ার তথ্যও আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক মামলা বা তদন্ত রয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের বিচার নিয়ে বাংলাদেশের আইনসহ দেশীয় ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অবস্থান কী, তা যুক্তিতর্কে তুলে ধরা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের নারকীয় তাণ্ডব বা জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কীভাবে দণ্ড দেওয়া হয়েছে, সেটিও তিনি আদালতে উপস্থাপন করবেন।











