ভারতের পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীল নকশার অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যার প্রতীক। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করা দল। তাদের প্রতিরোধ করতে আমরা প্রস্তুত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সীমান্তের ওপারে বসে আওয়ামী লীগের নেতারা হত্যার নির্দেশ দিচ্ছেন। যারা হত্যার নির্দেশ দেন, তারা দেশের মানুষের বন্ধু হতে পারেন না।
তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই আর কিশোর গ্যাংকে আগুন দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। বিএনপির তিনজন খুন হয়েছেন, এ দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সঙ্গত।
আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যার প্রতীক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করা দল। তাদের প্রতিরোধ করতে আমরা প্রস্তুত।











