spot_img
spot_img

গাজ্জায় যুদ্ধবিরতির ৪১০ দিনে ৬ হাজার ৪০৫ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল

গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ৪১০ দিনে দখলদার ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী ৬ হাজার ৪০৫টি সামরিক ও মানবিক চুক্তি লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনে ১ হাজার ৬৯০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ হাজার ১২০ জন। এছাড়া ২২৩ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজ্জার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ দখলদার ইসরাইলের চুক্তি ও এর সঙ্গে সংযুক্ত মানবিক প্রটোকলকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়ার ধারাবাহিক নীতি পর্যবেক্ষণ করেছে। এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের পাশাপাশি মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক গ্যারান্টিদাতাদের ইচ্ছার প্রতি স্পষ্ট অবজ্ঞা। এর উদ্দেশ্য পরিস্থিতির স্থিতিশীলতা নষ্ট করা এবং বিশৃঙ্খলা উসকে দেওয়া।

মানবিক প্রটোকল ও সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সরকারি পরিসংখ্যানে দখলদার ইসরাইলের প্রতিশ্রুতি থেকে সরে আসা এবং গাজ্জার ২৪ লাখের বেশি মানুষের ওপর অবরোধ আরও কঠোর করার চিত্র উঠে এসেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চুক্তি অনুযায়ী ২ লাখ ৪৬ হাজার ট্রাক প্রবেশের কথা থাকলেও মাত্র ৮০ হাজার ৯৩৭টি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ফলে প্রতিশ্রুতি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ৩২ শতাংশে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাফাহ স্থল সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে চুক্তির নির্ধারিত ব্যবস্থাপনা অনুযায়ী ৪৩ হাজার ২০০ জন যাত্রীর যাতায়াতের কথা থাকলেও প্রকৃতপক্ষে যাওয়া ও আসা মিলিয়ে মাত্র ১৫ হাজার ৭৯৪ জন যাতায়াত করতে পেরেছেন। এ ক্ষেত্রে চুক্তি বাস্তবায়নের হার ৩৬ শতাংশ। অন্যদিকে দখলদার ইসরাইল ৯১ জন যাত্রীকে ভ্রমণে বাধা দিয়েছে এবং কোনো আইনগত বা মানবিক কারণ ছাড়াই তাদের জোরপূর্বক ফিরিয়ে দিয়েছে।

সরকারি মিডিয়া অফিস এসব ধারাবাহিক লঙ্ঘনের পরিণতির জন্য দখলদার ইসরাইলকে সম্পূর্ণ আইনগত ও নৈতিক দায়ী করেছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত নীরবতা দখলদারদের হত্যা ও অবরোধের নীতি আরও এগিয়ে নিতে উৎসাহিত করছে।

অফিসটি মধ্যস্থতাকারী, চুক্তির গ্যারান্টিদাতা, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং এর মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোর প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। দখলদারদের সব ধরনের মাঠপর্যায়ের চুক্তি লঙ্ঘন বন্ধ করতে বাধ্য করা, চুক্তির সব শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন নিশ্চিত করা এবং কোনো বিধিনিষেধ বা প্রতিবন্ধকতা ছাড়াই নিয়মিতভাবে সীমান্ত খুলে মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশের ব্যবস্থা করার দাবি জানিয়েছে তারা।

সূত্র : সাফা নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ