spot_img
spot_img

পুনর্গঠন ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান: মাওলানা হানাফি

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ধাপে ধাপে পুনর্গঠন ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনিক ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফি। বাঁধ, ছোট বাঁধ, সড়ক, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পরিবহন অবকাঠামো ও হাসপাতাল নির্মাণকে দেশের অগ্রগতির উদাহরণ হিসেবে তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের আয়োজনে চতুর্থ আফগানিস্তান নির্মাণ, সিভিল ইঞ্জিনিয়ারিং ও পুনর্গঠন শিল্প প্রদর্শনীতে এসব কথা বলেন হানাফি।

তিনি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সম্পদের কার্যকর ব্যবহার, ঈমান ও তাকওয়া বৃদ্ধি, ঐক্য ও সংহতি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। একই সঙ্গে আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা এবং ইসলামি ও সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন না করাকে পুনর্গঠন ও অগ্রগতির পথে বাধা হিসেবে উল্লেখ করেন।

অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রপ্তানি ও আমদানির মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন তিনি। ব্যবসা ও বিনিয়োগ সহজ করার বিষয়ে ইমারাতে ইসলামিয়ার নেতার জারি করা নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ সহজ করা, কর কমানো, ব্যাংক গ্যারান্টির বাধ্যবাধকতা তুলে নেওয়া এবং বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে জমি ইজারা দেওয়ার সুযোগ তৈরিতে ইমারাতে ইসলামিয়া উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়া ভবিষ্যতেও বিনিয়োগ ও বাণিজ্যে সহায়তা অব্যাহত রাখবে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

শিল্প খাতে বিশেষ করে নির্মাণ শিল্পে অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন মাওলানা আবদুস সালাম হানাফি। তিনি শিল্প উদ্যোক্তাদের পণ্যের মানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ব্যবসায়ীদের নিম্নমানের পণ্য আমদানি থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি জোর দিয়ে বলেন, নিম্নমানের পণ্য উৎপাদন বা আমদানির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ