২০২৫ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বহাল থাকা সত্ত্বেও গাজ্জা উপত্যকায় বিমান হামলা চালিয়ে এক কিশোরসহ ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরও রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরাইলি বিমান হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। হামাস পরিচালিত গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
গাজ্জার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজ্জা সিটির কাছে একটি হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরও রয়েছে। একই দিনে দক্ষিণ গাজ্জার আল-মাওয়াসি এলাকায় একটি পুলিশ স্টেশনে চালানো পৃথক হামলায় আরও তিনজন নিহত হন।
গাজ্জার পুলিশ জানিয়েছে, আল-মাওয়াসির হামলায় নিহতদের মধ্যে ২৩ ও ৩৩ বছর বয়সী দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। চলমান হামলার অংশ হিসেবে পুলিশ সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেছে।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, পুলিশ স্টেশনের কাছে অবস্থানরত কয়েকজনকে তারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে হামলা চালিয়েছে। পাশাপাশি গাজ্জায় আরেকটি হামলার খবরও যাচাই করছে বলে জানিয়েছে তারা।
২০২৫ সালের অক্টোবরে দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে যুদ্ধবিরতি কার্যকর হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলি ভূখণ্ডে হামলার পর এ যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও উভয় পক্ষ নিয়মিত একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
এএফপির গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ৬৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে। একই সময়ে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সাত সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।
সূত্র: ল’ওরিয়েন্ট টুডে











