দেশের সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। জেলাগুলো হলো সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব নিয়োগ ও বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার, এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। খুলনার পুলিশ সুপার মো. সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে এপিবিএন ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।











