spot_img
spot_img

সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক কেন্দ্রে হামলার দাবি ইয়েমেনের

সৌদি আরবের গভীরে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এসব অভিযানে সৌদি আরবের পূর্বাঞ্চলে রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের একটি আর্থিক কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে এসব অভিযানের কথা জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।

তিনি বলেন, প্রথম অভিযানে সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্যবস্তু করা হয়। আল্লাহর রহমতে হামলাটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায়। এ সময় বাহিনী দুটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে।

বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় অভিযানে রিয়াদের কিং আবদুল্লাহ ইকোনমিক সিটির একটি আর্থিক কেন্দ্রকে তিন ধাপে লক্ষ্যবস্তু করা হয়। হামলাগুলো নির্ভুলভাবে পরিচালিত হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের ‘বর্বর আগ্রাসন’ এবং ইয়েমেনি জনগণের ওপর চালানো অপরাধের জবাবে এসব হামলা করা হয়েছে।

তিনি লাহিজ প্রদেশের আল-মাকাতিরাহ জেলায় যাত্রীবাহী বাস ও বেসামরিক ট্রাকে হামলার কথা উল্লেখ করেন। পাশাপাশি রাজধানী সানা এবং অন্যান্য প্রদেশে চালানো হামলার কথাও তুলে ধরেন।

বিবৃতিতে সৌদি আরবের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

এতে বলা হয়, ‘আমাদের জনগণ ও দেশের প্রতিরক্ষায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখবে। শিশু ও নারী হত্যাকারী এই অপরাধী শত্রুর ওপর উপলব্ধ ও সম্ভব সব উপায়ে যন্ত্রণাদায়ক আঘাত হানা হবে।’

বিবৃতির শেষাংশে সৌদি ভূখণ্ডের গভীরে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ সমীকরণ কার্যকর করার প্রচেষ্টাও চলবে বলে জানানো হয়।

এতে আরও বলা হয়, আগ্রাসন সম্পূর্ণ বন্ধ এবং ইয়েমেনের ওপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি সেনা ও কর্মকর্তাদের সমাবেশস্থল এবং অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি, রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ