spot_img
spot_img

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ জন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় জাদুঘর মোড়ের ফুটপাতে থাকা অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় সংঘর্ষ শুরু হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে দেশি অস্ত্র এবং পিস্তল হাতে একজনকে গুলি ছুড়তে দেখা যায়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা নিয়ে ঘটনার সূত্রপাত। ওই যুবক নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি বলে দাবি ছাত্রদল নেতা ইমদাদুল হকের। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা সাফায়েত হোসেনের চাচাতো ভাই কৌশিকের সঙ্গে নগরের টিবি পুকুর এলাকার একটি দোকানে বসে ছিলেন শাহিনুর। এ সময় ইমদাদুল হকের অনুসারী ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে সাফায়েত জাদুঘর মোড়ে ইমদাদুল হকের সঙ্গে দেখা করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিনুরকে আটক করে পুলিশে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ঘটনার পর তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সংঘর্ষে যোগ দেন। এ ঘটনায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সাফায়েত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ইমদাদুল হক আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। আমার নামে যে অভিযোগ করা হয়েছে, এটা বানোয়াট, সেখানে আমি ছিলাম না।’ তিনি আরও বলেন, ‘৫ আগস্ট থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে, সেটা ইমদাদুল হকের বাহিনী করেছে। তার একটা ছোটখাটো নমুনা আমরা আজ দেখতে পেয়েছি।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। পুলিশ শুধু একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে। অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়ে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শাহিনুর থানা হেফাজতে আছেন। তার নামে থানায় মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

রাতের সংঘর্ষের ঘটনার পর বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন ইমদাদুল হক ও সাফায়েত হোসেন।

বিকেলে রাজশাহী কলেজে সংবাদ সম্মেলনে সাফায়েত হোসেন দাবি করেন, ইমদাদুলের পরিবারেই আওয়ামী লীগ রয়েছে। সেদিকে না তাকিয়ে তিনি সাধারণ মানুষকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ সাজিয়ে মব করে পুলিশে দিচ্ছেন। তার অভিযোগ, প্রথমে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিলে সবকিছু ঠিক থাকে, আর চাঁদা না দিলে পুলিশে দেওয়া হয়।

অন্যদিকে পৃথক সংবাদ সম্মেলনে ইমদাদুল হক দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশি অস্ত্র ও ককটেল নিয়ে তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কেউ এ অভিযোগ প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করে নিজেকে আইনের কাছে সপে দেব।’

দুই নেতার পদ স্থগিত

এদিকে সংঘর্ষের ঘটনায় বিকেলে দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন ও তার অনুসারী আরেক যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বুধবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ