ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শাখাওয়াতকে আটকের বিষয়টি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে যাচাই-বাছাই চলছে।
শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে জিজ্ঞাসাবাদ করছেন। ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তারা। জবাবে শাখাওয়াত জানান, তিনি বর্তমানে ওএসডি অবস্থায় আছেন।
ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, জানতে চান। জবাবে শাখাওয়াত আর এমন কাজ করবেন না বলে জানান। এ সময় তাকে কান ধরতে বলা হলে তিনি কান ধরেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।











