spot_img
spot_img

হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ অনুরোধকে পৃথক বিষয় হিসেবে দেখছে ভারত: রণধীর জয়সওয়াল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর সম্ভাব্য ঢাকায় ফেরাকে কেন্দ্র করে আলোচনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি তার ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। তবে তাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো প্রত্যর্পণের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা।

বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ব্রিফিংয়ে সাংবাদিকরা ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন, তাঁকে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকার বক্তব্য এবং বাংলাদেশের রাষ্ট্রীয় এয়ারলাইনসে তাঁর ফেরার সম্ভাবনার খবর নিয়ে প্রশ্ন করেন। এ ছাড়া তাঁর প্রত্যাবর্তনের আগে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ভারতের অভ্যন্তরে অবাধ চলাচল এবং পেট্রাপোল-বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট পরিদর্শনের ক্ষেত্রে ভারত কোনো মধ্যস্থতাকারী বা সহায়তাকারীর ভূমিকা রাখছে কি না, তা জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, ‘এই বিষয়টি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেখানকার সরকারের মধ্যকার। তাই এ নিয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

তবে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া প্রত্যর্পণের অনুরোধ প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘আগেও যেমনটি বলেছি, প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো নাগরিক যদি বৈধ ভ্রমণ নথিতে (ট্রাভেল ডকুমেন্ট) স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান, তবে সেই বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা।’
সংখ্যালঘু নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি
ব্রিফিংয়ে বাংলাদেশের নড়াইল ও পাবনাসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি জানতে চান সাংবাদিকরা।

এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, তারা যেন এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং অপরাধীদের বিচারের আওতায় আনে।’
গঙ্গা চুক্তি ও অস্ত্রবাহী জাহাজ প্রসঙ্গ
গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ ও যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকসংক্রান্ত এক প্রশ্নে মুখপাত্র জানান, গঙ্গাসহ সীমান্তবর্তী সব অভিন্ন নদীর বিষয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশনের মতো প্রতিষ্ঠিত ব্যবস্থা রয়েছে।

পাশাপাশি বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র নিয়ে মোংলা বন্দর অভিমুখী একটি জাহাজ ইন্দোনেশিয়ায় আটক হওয়ার খবরের বিষয়ে ভারতের কাছে কোনো তথ্য আছে কি না, জানতে চান সাংবাদিকরা।

জবাবে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু প্রতিবেদন দেখেছি। আমাদের নিরাপত্তা স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে এমন প্রতিটি পরিস্থিতির ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিচ্ছি।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ