spot_img
spot_img

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাসজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা, মিলাদ মাহফিল, কফিন মিছিল, ওসমান হাদী ফেস্ট এবং ১৮ ডিসেম্বর ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা।

সভায় ১৮ ডিসেম্বরের শহীদি সমাবেশের প্রস্তুতি, আয়োজনের পরিকল্পনা এবং ডিসেম্বরজুড়ে সংগঠনটির বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে এসব কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন নেতারা।

মতবিনিময় সভায় সঞ্চালনা করেন ইনকিলাব মঞ্চের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বি সরকার, কেন্দ্রীয় সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা এবং আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

সভায় ফাতিমা তাসনিম জুমা বলেন, দীর্ঘ এক মাসব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মাধ্যমে দেশের পথে-প্রান্তরে হেঁটে বেড়িয়েছেন তারা। হাদি হত্যার বিচারের দাবিতে মানুষের মধ্যে যে জজবা দেখেছেন তা তাদের অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি, যিনি সাবেক বিএনপি মহাসচিব, নির্বাচনের আগের দিন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ঘোষণা দিয়েছিলেন, তার দল ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার করা হবে। সরকারও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার দিয়ে ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তাই সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যাসহ দেশের সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।

পরে শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৮ নভেম্বর কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ১ থেকে ৩ ডিসেম্বর সারা দেশে গ্রাফিতি অঙ্কন ও পোস্টারিং, ৪ ডিসেম্বর তাহাজ্জুদের রাত পালন এবং দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাম্পাসে স্মরণসভা, ৭ ডিসেম্বর এতিম ও পথশিশুদের নিয়ে আয়োজন এবং ৮ ডিসেম্বর সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প করা হবে। ৯ ডিসেম্বর রাজনৈতিক দল ও জুলাইয়ের সব অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

১১ ডিসেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে কফিন মিছিল এবং সারা দেশের মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। ১২ ডিসেম্বর ঘটনাস্থলে স্মৃতিফলক উদ্বোধন এবং বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১৩ থেকে ১৫ ডিসেম্বর ‘ওসমান হাদী ফেস্ট’, ১৬ ডিসেম্বর বিজয় র‍্যালি ও সার্বভৌমত্বের শপথ এবং ১৭ ডিসেম্বর প্রামাণ্যচিত্র, কবিতা, গান ও দোয়ার মাধ্যমে ‘স্মরণের রাত’ পালন করা হবে।

কর্মসূচির শেষ দিন ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল এবং ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশের আয়োজন করা হবে।

বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ইনকিলাব মঞ্চ। আগামী ১৮ ডিসেম্বরের কর্মসূচি কোনো রাজনৈতিক দলকে মোকাবিলা করার উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে না। এর মাধ্যমে সরকারকে জনগণের সাংবিধানিক ও নৈতিক অধিকার রক্ষার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা ওসমান হাদির অবদান নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন, তারা মূলত একজন শহীদের অবদানকে খাটো করে দেখানোর পাশাপাশি তার হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে সব রাজনৈতিক দল, মত ও সর্বস্তরের মানুষের মতামত ও সম্মতির ভিত্তিতে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে এসব মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

সূত্র: যুগান্তর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ