spot_img
spot_img

লাহোরে মাওলানা ফজলুর রহমানের বাসভবন ঘিরে রেখেছে ৩ হাজার পুলিশ, চলাচলে বাধা

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের বাসভবন ঘিরে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে তাঁকে বাসভবন থেকে বের হতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছে দলটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডনের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে লাহোরে পৌঁছান মাওলানা ফজলুর রহমান। লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে মঙ্গলবার আইনজীবীদের একটি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল তাঁর। তবে পুলিশের বাধায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজনৈতিক বিরোধ ও উত্তেজনা বাড়ার মধ্যেই জেইউআই-এফ প্রধানের চলাচলে এ বিধিনিষেধ আরোপ করা হয়। দলটির অভিযোগ, তাঁর বাসভবনের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে তাঁকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছিল।

সম্প্রতি সরকারের কর্মকাণ্ডে ন্যায়বিচারের ঘাটতি রয়েছে বলে তীব্র সমালোচনা করেন মাওলানা ফজলুর রহমান। একই সঙ্গে তিনি সংস্কারের দাবি জানান।

এদিকে ফজলুর রহমানের বাসভবন ঘিরে রাখা ও তাঁকে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে অবরোধ প্রত্যাহারের নির্দেশনা চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন করেছেন দলটির আইনজীবী আব্রার হুসাইন। আবেদনে বাসভবনের বাইরে প্রায় ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন করে তাঁকে কার্যত অবরুদ্ধ করে রাখার অভিযোগ করা হয়। পুলিশি অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিতে আদালতের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।

ডনের প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার বিধিনিষেধের পর পুলিশ ফজলুর রহমানের অবস্থানস্থলের চারপাশ থেকে প্রতিবন্ধকতা সরাতে শুরু করে। সন্ধ্যা ৭টার দিকে তাঁকে বের হওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়। তবে তিনি ওই রাতে লাহোরেই থাকার সিদ্ধান্ত নেন।

সূত্র : ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ