আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আঁকা জুলাই গ্রাফিতির মান ও শৈলী নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। গ্রাফিতিগুলোতে জুলাইয়ের স্মৃতিচারণের চেয়ে বিএনপির দলীয় স্তুতি বেশি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে কাজের মান নিয়ে প্রশ্ন তুলে অর্থ ভাগবাটোয়ারার পর দায়সারা কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন সারজিস।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
সারজিস লেখেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি আঁকার ঘোষণা দেওয়ার পর তারা বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছিলেন। তবে গ্রাফিতিগুলো দেখে হতাশ হয়েছেন তিনি। তার ভাষায়, যাদের ছবি গ্রাফিতিতে আঁকা হয়েছে তারা নিজেরাই সেগুলো দেখে লজ্জায় মুখ লুকাতেন।
‘বাকিদের কথা বাদই দিলাম’ উল্লেখ করে সারজিস লেখেন, ‘স্বয়ং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কিংবা শহীদ আবু সাঈদও নিজেকে দেখে চিনতে পারতো কিনা সন্দেহ আছে! তাছাড়া যতটা না জুলাইয়ের গ্রাফিতি হয়েছে তার চেয়ে বেশি বিএনপির দলীয় স্তুতি গাওয়া হয়েছে।’
গ্রাফিতির কাজকে ‘হাসির খোরাক’ আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘এই কাজ যতটা না স্মৃতিচারণ হয়েছে তার চেয়ে বেশি হাসির খোরাক হয়েছে। লেখার মান, রংয়ের কোয়ালিটি আর কাজের স্ট্যান্ডার্ড দেখে মনে হচ্ছে, সবাইকে ভাগ দেওয়ার পর সামান্য যে টাকা বেঁচেছে সেগুলো দিয়ে যে এই কাজগুলো করছে সেটাই অনেক বেশি। পারলে পুরোটাই মেরে দিত।’
টেন্ডার ও অর্থ ভাগবাটোয়ারা নিয়ে সমালোচনা করে সারজিস আরও লেখেন, গ্রাফিতিগুলো বিএনপির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ‘টেক্সটবুক এক্সাম্পল’। টেন্ডারের সময় একবার টাকা মেরে দেওয়া হয়, এরপর স্থানীয় নেতারা ভাগবাটোয়ারা করেন। অতঃপর অবশিষ্ট অর্থ দিয়ে টেকসই ও মানসম্মত কাজ হয় না। অথচ একই রাস্তায় শেরে বাংলা নগর এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় আঁকা জুলাইয়ের গ্রাফিতিগুলো হৃদয় ছুঁয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।











