spot_img
spot_img

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সংসদে আইন প্রণয়ন অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ও সরকারি স্বাস্থ্য কার্ডধারী আট জুলাইযোদ্ধার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এ রিট আবেদন করেন।

রিট আবেদনকারীরা হলেন নড়াইলের এম এস মোস্তাফিজুর রহমান, বরগুনার হাবিব, খাগড়াছড়ির হামিদুল সরকার, ফেনীর জামাল, ঢাকার নূর আলম ও মনির হোসেন, কুমিল্লার রবিউল করিম এবং কিশোরগঞ্জের নাসিম মিয়া।

রিটে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন ও বিচার, মন্ত্রিপরিষদ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানকে বিবাদী করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। তবে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে সংসদীয় আইন অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি প্রয়োজন বলে আবেদনকারীরা মনে করেন।

রিটে আবেদনকারীরা আরও উল্লেখ করেন, ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সমাপনী ভাষণেও প্রধানমন্ত্রী দলটিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বর্ণনা করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অর্থের উৎস অনুসন্ধান, অর্থ জব্দ এবং অর্থের প্রবাহ বন্ধে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও আর্জি জানানো হয়েছে। পাশাপাশি দলটির সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জেনেশুনে অর্থায়ন ও সহায়তাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশনা চাওয়া হয়েছে।

১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের অধীনে সুপ্রিম কোর্টের বর্তমান বা সাবেক কোনো বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদনও রয়েছে রিটে। কমিটিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর দলটির কর্মকাণ্ড, দেশি-বিদেশি অর্থায়ন, সংগঠিত হওয়ার প্রক্রিয়া এবং এসব কর্মকাণ্ডে কোনো বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দলটির প্রচারণা, সহিংসতায় উসকানি দেওয়া কনটেন্ট, পেজ ও চ্যানেল অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে। দলটির পক্ষে প্রচার, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা সেগুলোর যৌক্তিকতা প্রমাণের চেষ্টা এবং জুলাইযোদ্ধাদের সন্ত্রাসী বা জঙ্গি আখ্যা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তি ও সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদনও করা হয়েছে। তবে বৈধ সংবাদ, একাডেমিক আলোচনা ও সরকারের সমালোচনাকে এসব আবেদনের বাইরে রাখার কথা উল্লেখ করা হয়েছে।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত হাসিনা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত বা অভিযুক্ত অন্যদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে সহিংসতায় উসকানি এবং দলটির সদস্যদের সীমান্ত অতিক্রম ঠেকাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর আবেদন করা হয়েছে। আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী আদেশ হিসেবে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর হাসপাতাল, ক্লিনিক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দলটির অর্থের প্রবাহ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী শাহরিয়ার কবির সংবাদমাধ্যমকে জানান, এসব বিষয়ে পদক্ষেপ নিতে গত ১৯ নভেম্বর বিবাদীদের আইনি নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পাওয়ায় রিটটি করা হয়েছে।

তিনি জানান, খুব শিগগিরই বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হবে।

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাসহ দলটির অনেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও নেতা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যান। দেশে থাকা দলটির নেতাকর্মীদের অনেকে আত্মগোপনে রয়েছেন।

সম্প্রতি ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাশকতার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সহিংসতায় সংসদ সদস্যদের বাড়ি ও থানা পুড়িয়ে দেওয়া, নড়াইল ও ফরিদপুরে তিনজনকে হত্যা, ঢাকাসহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দলটির এসব সহিংস কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ