spot_img
spot_img

নতুন করে ফ্যাসিবাদী শাসন জনগণ মেনে নেবে না: সেলিম উদ্দিন

দেশের আইন, কর্তৃত্ব, সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বসে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জনগণ নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মেনে নেবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে মিরপুর উত্তর থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের শহীদরা দেশের মানুষের মুক্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতির আগামী দিনের সব সংকট ও সংগ্রামে জামায়াতে ইসলামী নেতৃত্বের ভূমিকা পালন করবে, ইনশা আল্লাহ।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সব পরিস্থিতি মোকাবিলা করে এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাস থাকবে না। ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে একটি মানবিক বাংলাদেশ ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে চায় দলটি। এ লক্ষ্য বাস্তবায়নে ওয়ার্ডে ওয়ার্ডে এবং পাড়ায়-মহল্লায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টি করা হবে।

নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেলিম উদ্দিন বলেন, বর্তমানে নগরীতে যে নিরাপত্তাসংকট দেখা দিয়েছে, তাতে প্রতিটি মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সমাবেশকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

তিনি বলেন, সমাবেশ সফল করতে প্রত্যেকটি ঘরে বারবার যেতে হবে। নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং নিয়মিত যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি ঘরে ঘরে জামায়াতের মনোনীত মেয়রপ্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে হবে।

ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নাগরিক সমাবেশগুলো সফল করতে দলের সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ