রাজধানীর তিন এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মিরপুর, বাড্ডা ও কালশী এলাকায় এসব ঘটনা ঘটে। অগ্নিসংযোগে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সর্বশেষ রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর কালশী এলাকায় চলন্ত বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের বিহারি ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্কিংয়ে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে যায়।
এ ছাড়া রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডার মেরুল এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে সড়কে চলন্ত আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার পর বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হননি।
সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজধানীর তিন এলাকায় এসব অগ্নিসংযোগের ঘটনায় বাসগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে।











