spot_img
spot_img

পুলিশের ভেতরে নজরদারি জোরদার, গ্রেপ্তার এক এসপিসহ চার কর্মকর্তা

ক্ষমতাচ্যুত হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরেও নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে দুই পুলিশ সুপার (এসপি) ও দুই অতিরিক্ত পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যুক্ত ছিলেন। সরকার তাদের কঠোর নজরদারিতে রেখেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য এবং পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে নজরদারি বাড়ানোর পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের আগে কর্মস্থলে দায়িত্ব পালনকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এসব অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ ও তাদের সহযোগিতার বিষয়ে পাওয়া তথ্যও ভূমিকা রাখছে বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাদের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত দুই এসপি ও দুই অতিরিক্ত এসপিসহ চার পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।

গত বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আজাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন। ঝালকাঠির বাসিন্দা আজাদ ২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তার অন্য তিন কর্মকর্তা হলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত এসপি আবুল হাসান ও মো. রাকিবুল হাসান।

১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। মামলায় তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে। অতিরিক্ত এসপি আবুল হাসানকে ঢাকায় বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৩৩তম বিসিএসের কর্মকর্তা রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০১৫ সালের ১৯ জানুয়ারি ছোট ভাইকে দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন নুরুজ্জামান জনি। তার পরিবারের অভিযোগ, কারাগারের সামনে থেকে জনি ও তার এক সঙ্গীকে পুলিশ তুলে নিয়ে যায়। পরদিন ভোরে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে জনিকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ডিবির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বন্দুকযুদ্ধে জনি নিহত হয়েছেন।

এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও জনিকে হত্যার অভিযোগ করা হয়। ট্রাইব্যুনালের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিবি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ