আফগানিস্তানের স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়েছে জাতিসংঘ। হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেছেন ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রী মাওলানা নূর জালাল জালালি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও জাতিসংঘের আফগানিস্তান মিশনের (ইউএনএমএ) প্রধান রাবাব ফাতিমার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। কাবুলে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের তথ্য জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বৈঠকে আফগানিস্তানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. এডউইন সালভাদর, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) প্রধান পুলেক ওক সিরি এবং জাতিসংঘের আরও কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠকে মাওলানা নূর জালাল জালালি প্রতিনিধি দলকে দেশের স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসাসেবার সম্প্রসারণ এবং এ পর্যন্ত অর্জিত অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
তিনি ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসার জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক হাসপাতালগুলোকে প্রয়োজনীয় সরঞ্জামে সজ্জিত করা, বিশেষায়িত হৃদরোগ চিকিৎসাসেবা সম্প্রসারণ, স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোর অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া বর্তমানে দেশজুড়ে প্রায় ৭০টি স্বাস্থ্যকেন্দ্রে মাদকাসক্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এসব কেন্দ্রের সেবার মান ও কার্যকারিতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন জনস্বাস্থ্যমন্ত্রী।
এদিকে রাবাব ফাতিমা মাদকদ্রব্য মোকাবিলা ও মাদকাসক্তদের চিকিৎসায় ইমারাতে ইসলামিয়ার প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি জাতিসংঘের সহায়তা ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
রাবাব ফাতিমা মন্ত্রীকে আশ্বস্ত করেন, আফগানিস্তানের স্বাস্থ্যব্যবস্থাকে সহায়তা করতে জাতিসংঘ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। একই সঙ্গে আফগান জনগণের স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজন ও চ্যালেঞ্জগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবে, যাতে দেশটির জন্য আরও সহায়তা নিশ্চিত করা যায়।
সূত্র : পাজওয়াক আফগান নিউজ











