spot_img
spot_img

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না: গোলাম পরওয়ার

ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্য প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিলেও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। জাতীয় ঐক্য চাইলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, দেশের শিল্পমালিকরা প্রায়ই বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। কথাটি সত্য, তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যূনতম অধিকার, দুবেলা খাবার ও অসুস্থতার সময় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না, এমন শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা এসব ষড়যন্ত্রে যুক্ত রয়েছে। দেশের স্বার্থ উপেক্ষা করে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ