spot_img
spot_img

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পটিয়া মাদরাসার ৮৭তম মহাসম্মেলন

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পটিয়া মাদরাসা খ্যাত আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও জামিয়া নানুপুরের মুহতামিম মাওলানা সালাহউদ্দীন নানুপুরী আখেরী মুনাজাত পরিচালনা করেন।

এর আগে দুই দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিনে দেশবরেণ্য ও বিদেশি ওলামায়ে কেরামের আলোচনা এবং বৃহৎ জুমার জামাতে অংশ নিতে সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন ঘটে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে জামিয়ার ময়দান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

স্থানীয় সূত্রমতে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ জোহর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন রাজঘাটা মাদরাসার সদরে মুহতামিম মুফতি শামছুল ইসলাম।

দুই দিনব্যাপী আয়োজিত এ মহাসম্মেলনে বক্তব্য রাখেন ভারত থেকে আগত বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আশহাদ রশীদি, পাকিস্তান থেকে আগত মাওলানা জয়নুল আবেদীন, আমীরে হেফাজত মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী, জামিয়া পটিয়ার শায়খুল হাদীস মুফতি শামসুদ্দিন জিয়া, জামিয়া হাটহাজারীর শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জামিয়া জিরির মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব, জামিয়া পটিয়ার নায়েবে মুহতামিম মাওলানা জাকারিয়া আজহারী ও মুহাদ্দিস মাওলানা জাহেদ উল্লাহ, বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক, মুফতি কেফায়েত উল্লাহ (কক্সবাজার) এবং মাওলানা হাফিজুর রহমানসহ অনেকে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) ও পটিয়ার (চট্টগ্রাম-১২) সংসদ সদস্য এনামুল হক।

সম্মেলন সুন্দর ও সফলভাবে সমাপ্ত হওয়ায় জামিয়ার মুহতামিম মুফতি একরাম হোসাইন অদুদী মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। সম্মেলনে সহযোগিতাকারী জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় আগামী ২০২৭ সালের ২৫ ও ২৬ নভেম্বর জামিয়ার ৮৮তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে বলেও তারিখ ঘোষণা করেন মুহতামিম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ