spot_img
spot_img

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব নিয়ে আত্মপ্রকাশ করলো লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ

দেশের চামড়া ও পাদুকা শিল্পের সুরক্ষা, টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)। আত্মপ্রকাশ অনুষ্ঠানে চামড়া শিল্পের বিদ্যমান সংকট নিরসন ও সম্ভাবনার বিকাশে ১৩ দফা কৌশলগত প্রস্তাবনা তুলে ধরেছে সংগঠনটি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অলাভজনক এই শিল্প উন্নয়ন সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংগঠনটির প্রস্তাবনার মধ্যে রয়েছে স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় অথবা শক্তিশালী লেদার বোর্ড গঠন, ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা পুনরায় চালু করতে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ, সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং নতুন আরও দুটি সিইটিপি নির্মাণ।

এ ছাড়া দেশে এক থেকে দুটি বিশেষায়িত চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পপার্ক, চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল, পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় এবং সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ কেন্দ্র ও হিমাগার প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে খাঁটি দেশীয় চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়।

লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। এই শিল্পকে টিকিয়ে রাখা উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে রাসায়নিক দ্রব্য সরবরাহ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক কার্যক্রমে কার্যকর সরকারি সহায়তা দিতে হবে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া শিল্পসংশ্লিষ্ট সব বাণিজ্যিক সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি বলেন, দেশে নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতায় বাংলাদেশ বিশ্ববাজারে কাঙ্ক্ষিত অবস্থান অর্জন করতে পারছে না।

এসব সংকট নিরসনে গবেষণা ও উদ্ভাবন, কারিগরি প্রশিক্ষণ, নীতিগত সহায়তা, শিল্প পরামর্শ, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়নসহ ছয়টি স্থায়ী কর্মসূচির মাধ্যমে কাজ করবে ফাউন্ডেশন।

প্রথম বছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এক হাজার কর্মীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে আদর্শ পরিবেশবান্ধব কারখানায় রূপান্তর এবং চামড়া শিল্পের শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চামড়া ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান ও ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

ফাউন্ডেশনের সহসভাপতি মাওলানা মাহবুবুল হক বলেন, কওমী মাদরাসাসহ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কুরবানির চামড়া সংগ্রহ ও বিক্রয়ের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কেবল লবণ প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ না থেকে চামড়া সংরক্ষণ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে তিনি শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. সবুর আহমেদ, চামড়া শিল্প রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতী আজহারুল ইসলাম ও মুফতী শরিফুল্লাহ, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এসএ টিভির বার্তা সম্পাদক টি. সালাউদ্দিন আহমেদসহ অন্যরা।

এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান, বাংলাদেশ চামড়াজাত দ্রব্য প্রস্তুতকারক সমিতির উপদেষ্টা হাজী গোলাম কিবরিয়া চৌধুরী, লেদার ফাউন্ডেশনের সহসভাপতি বেলাল হোসেন, কোষাধ্যক্ষ শাহ সুলতান, পরিচালক বিল্লাল, এম ফয়সাল মাহফুজ ও শোয়াইব ইবনে মাহফুজসহ চামড়া শিল্পের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ