spot_img
spot_img

শিক্ষাকে চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ না রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে উচ্চশিক্ষাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে কলেজের সংখ্যা ও উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে শিক্ষার্থীর সংখ্যাও। তবে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে। ফ্যাসিবাদের সময়কালে অন্য সব কিছুর মতো দেশের শিক্ষাব্যবস্থাকেও অনেক ধ্বংস করে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার সবাই আসুন, আমরা এই শিক্ষাব্যবস্থাকে সুন্দর করে গড়ে তুলতে কাজ করি। শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার এখন বোধহয় সময়।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়নে কলেজ অধ্যক্ষদের নেতৃত্ব দিতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষককেন্দ্রিক পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণামুখী শিক্ষাদান পদ্ধতি চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রয়োজনীয় ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতি বছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব মনে হয় কমবে না। বিশ্বের অর্ধেক মানুষ এখনো তৃতীয় শিল্পবিপ্লবের সুবিধা ভোগ করতে পারছে না। অথচ বিশ্ব ইতোমধ্যে চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ পরিস্থিতিতে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও দক্ষতাভিত্তিক কর্মসংস্থান উপযোগী শিক্ষা চালু করতে হবে।

প্রযুক্তির অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার নিরাপত্তা এবং ফাইভজি প্রযুক্তিসহ নানা উদ্ভাবন ভবিষ্যতের কর্মজগতে বড় পরিবর্তন আনছে।

শিক্ষার সঙ্গে কর্মদক্ষতার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, শিক্ষা মানুষকে দেয় শক্তি, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে রূপান্তরিত করে। লক্ষ্যহীন শিক্ষা দিকহীন যাত্রার সামিল, আর সুনির্দিষ্ট লক্ষ্য নির্ভর শিক্ষা সফল ভবিষ্যৎ নির্মাণের কার্যকর পথপ্রদর্শক। তাই অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করার মধ্যেই সাফল্য নিহিত। এ কারণে শিক্ষার শক্তিকে কর্মদক্ষতায় রূপান্তরের জন্যই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন অনিবার্য।

এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে একাধিক ভাষা শেখানোর ওপরও গুরুত্ব দিয়ে তিনি বলেন, কলেজগুলোকে শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যম হিসেবে নিজেদের এবং সম্ভাবনার আরও দ্বার উন্মোচন করতে অ্যারাবিক, ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান কিংবা অন্য যেকোনো আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন ভাষা শেখার সুযোগ করে দেওয়া অত্যন্ত জরুরি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ