মক্কা প্রতিরক্ষা জোটের প্রতি পাকিস্তানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐক্যবদ্ধ অবস্থানের প্রশংসা করেছেন তিনি।
শুক্রবার (২৮ নভেম্বর) ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির দ্বিতীয় বৈঠকে অংশ নিতে আসা সৌদি আরব ও তুরস্কের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন শাহবাজ শরিফ।
চুক্তির বিধান অনুযায়ী, তিন দেশের নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় ঐক্য ও সংকল্পের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির দ্বিতীয় বৈঠকের ফলাফল নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।
সৌদি আরবের প্রতি অবিচল সংহতি প্রকাশ করে দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পূর্ণ সমর্থনের আশ্বাস দেন শাহবাজ শরিফ।
বৈঠকে তিন দেশের প্রতিনিধিরা সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন তারা।
সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুয়াইলি।
তুরস্কের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারোগলু।
পাকিস্তানের প্রতিনিধিদলে ছিলেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক।
সূত্র : দুনিয়া নিউজ











