spot_img
spot_img

স্বৈরাচার আমলে আর্থিক খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: রাষ্ট্রপতি

স্বৈরাচার আমলে ব্যাংক, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের সঙ্গে সংশ্লিষ্ট খাতগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে অসাধু আঁতাতের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি দুর্নীতির দুষ্টচক্রে আটকে পড়ে।

তিনি বলেন, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা জরুরি। অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি ঠেকানো এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে।

দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন আরও জোরদার করতে হবে। সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং আর্থিক জ্ঞান বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অর্থনীতি সুরক্ষার দায়িত্ব শুধু নিরীক্ষকদের নয়। হিসাববিদ, রাজস্ব কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবারই জনসম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে। অনিয়ম, অর্থের অপব্যবহার ও অযাচিত প্রভাব ঠেকাতে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে প্রতিরক্ষার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেন তিনি।

নিরীক্ষকদের স্বাধীনতার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরি এবং অযাচিত চাপ প্রতিরোধের সাহস থাকতে হবে হিসাব পেশাজীবীদের। ভয় কিংবা পক্ষপাত ছাড়াই যেন হিসাববিদ, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার রয়েছে।

আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্যকে আরও শক্তিশালী করেন।

এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটালাইজেশন ও টেকসই উন্নয়নের নতুন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক জ্ঞান বিনিময় এবং পেশাগত মান সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ