spot_img
spot_img

গুম-খুনের সঙ্গে জড়িত থাকলেও জনগণের সঙ্গে আ. লীগের সম্পৃক্ততা ছিল না: পানিসম্পদমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় থেকেও ভবদহের জলাবদ্ধতা দূর করতে পারেনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আওয়ামী লীগ গুম-খুনের সঙ্গে জড়িত থাকলেও জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। তারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করেছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরের দুঃখ ভবদহ স্লুইজ গেট পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, ভবদহের জলাবদ্ধতা দূর করেই এখানকার মানুষকে দুর্ভোগ থেকে উদ্ধার করতে চান তারা। সরকারের দুই মাসের মাথায় পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি সরকারের একটি মেগা প্রকল্প, বাস্তবায়নে প্রায় সাত বছর সময় লাগবে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পটি জুন মাস নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন এবং শিবসা নদীর পানির ধারাবাহিকতা ঠিক রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নদী খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে এসব কাজ শেষ করার আশা করা হচ্ছে।

এতে ভবদহের মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। চলমান ৮১ কিলোমিটার ও অতিরিক্ত ৪৫ কিলোমিটার খননকাজ গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এতে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন।

সমাবেশে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ও যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বক্তব্য রাখেন।

এ সময় কেশবপুর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্র: ইনসাফ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ