spot_img
spot_img

রোহিঙ্গা ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্টকে বিরোধীদলীয় নেতার চিঠি

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর ব্রিটেন ও ফ্রান্সের ভূমিকার প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামী ৭ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের চারটি উদ্বেগ তুলে ধরতে দেশ দুটির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) তারিখের চিঠি দুটি ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলের মাধ্যমে ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর কাছে পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৯ নভেম্বর রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আইসিজের রায় ঘোষণার পর দুই দেশের পদক্ষেপের জন্য সংসদের বিরোধী দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।

ব্রিটেনের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রোহিঙ্গা গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি, মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং রাখাইন রাজ্যের দায়িত্বে থাকা ওয়েস্টার্ন কমান্ডের বর্তমান ও সাবেক কমান্ডারসহ মিয়ানমার সেনাবাহিনীর পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপকে স্বাগত জানান ডা. শফিকুর রহমান। পাশাপাশি মিয়ানমারে বিমানের জ্বালানি সরবরাহে বিধিনিষেধ, ন্যায়বিচার নিশ্চিত করা, রাখাইনে মানবিক সহায়তার জন্য নতুন অর্থায়ন এবং ৭ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের উদ্যোগকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।

ফরাসি প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে আইসিজের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক বলে ফ্রান্সের অবস্থান এবং জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদের আওতায় নিরাপত্তা পরিষদের পদক্ষেপ চাওয়ার উদ্যোগের জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা। এ ক্ষেত্রে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর ভূমিকার কথা উল্লেখ করা হয়।

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো পক্ষ আইসিজের রায় না মানলে নিরাপত্তা পরিষদ তা কার্যকর করার ব্যবস্থা নিতে পারে। মামলায় হস্তক্ষেপকারী রাষ্ট্র হিসেবে ফ্রান্সের ভূমিকার কথা তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের সমর্থনও কামনা করেন তিনি।

বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে উল্লেখ করে দুটি চিঠিতেই বলা হয়, এখনো একজন রোহিঙ্গাও নিজ দেশে ফিরতে পারেননি। ১২ থেকে ১৮ মাসের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, তাতে সংসদের বিরোধী দলের সমর্থন রয়েছে বলে জানান বিরোধীদলীয় নেতা। বিষয়টিকে তিনি ‘দলীয় নয়, জাতীয় অবস্থান’ হিসেবে বর্ণনা করেন।

নিরাপত্তা পরিষদে বাংলাদেশের যে চারটি উদ্বেগ তুলে ধরার আহ্বান জানানো হয়েছে, সেগুলো হলো:

1. ক্ষতিপূরণ এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন-সংক্রান্ত আদেশসহ আইসিজের রায়ের পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন এবং এ বিষয়ে মিয়ানমারের নিয়মিত প্রতিবেদন প্রদান।

2. আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশের বহন করা চাপের স্বীকৃতি এবং শরণার্থী ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই, বহুবছরমেয়াদি অর্থায়ন।

3. প্রত্যাবাসনকে মাঠপর্যায়ের যাচাইযোগ্য শর্তের সঙ্গে যুক্ত করা। এর মধ্যে রয়েছে নিরাপত্তা, চলাফেরার স্বাধীনতা, বৈষম্যহীনভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগ এবং রাখাইন রাজ্যে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলোর প্রবেশাধিকার।

4. রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী সব পক্ষের প্রতি রোহিঙ্গাদের অধিকারকে সম্মান দেখানো এবং প্রত্যাবাসনে বাধা না দেওয়ার আহ্বান।

চিঠিতে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, ‘২০১৭ সালে যা ঘটেছিল, এই রায় সেই সত্যকে স্বীকৃতি দিয়েছে। আমরা আশাবাদী, এখন এটি রোহিঙ্গাদের নিরাপদে ঘরে ফেরার পথ হয়ে উঠবে।’

চিঠির অনুলিপি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড, ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো এবং বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ