ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অথচ এ নিয়ে সরকারের কোনো অবস্থান দেখছে না জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পরদিন থেকেই সরকার জাতিকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। বিশেষ সংবিধান সংশোধন কমিটি একটি অসাংবিধানিক কমিটি।
তিনি আরও বলেন, বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও মানুষ খুন করা হচ্ছে। মেয়ে শিশুদের ওপর নির্যাতন বেড়ে গেছে। এসবের জন্য সরকারদলীয় নেতাকর্মীরা দায়ী। সংসদ আর আদালতের মধ্যে লুকোচুরি খেলা হোক, তা তার দল চায় না।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সংলাপে দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে বসবে বলে জানান জামায়াত আমীর।
এ ছাড়া সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সেখানে তিনজন সরকারদলীয় সংসদ সদস্য থাকলেও তারা সেখানকার মজলুম মানুষের খোঁজ নিয়েছেন কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।











