spot_img
spot_img

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও ফ্যাসিবাদী তৎপরতা ঠেকাতে ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জেলা-মহানগরী, থানা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফ্যাসিবাদবিরোধী মিছিল এবং গণসংযোগ। ৮ ডিসেম্বর সারা দেশের জেলা-মহানগরীতে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী মিছিল, ১২ ডিসেম্বর রাজধানীতে মতবিনিময় সভা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী গণমিছিল অনুষ্ঠিত হবে।

দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে লিখিত বক্তব্যে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে আবারও অশান্ত করার ঘৃণ্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের মাটিতে বসে টার্গেট করে শান্তিপ্রিয় মানুষকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা এ দেশে কাজ করছে। আগুন জ্বালিয়ে ও ভাঙচুর করে জনগণের সম্পদ বিনষ্ট করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে।

এসব নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেন আহমদ আবদুল কাদের। তিনি বলেন, সরকারকে অবিলম্বে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জে নাশকতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

তবে ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের কারণে গোপালগঞ্জের সাধারণ মানুষ যাতে কোনো সরকারি সেবা থেকে বঞ্চিত না হয় কিংবা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ