spot_img
spot_img

পুলিশকে ফাঁকি দিয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে উধাও নিষিদ্ধ যুবলীগ নেতা

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন অবস্থায় শাহেদ নামের নিষিদ্ধ যুবলীগের এক নেতা পালিয়ে গেছেন।

রোববার (২৯ নভেম্বর) সকালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নজর এড়িয়ে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) সিলেট নগরীতে যুবদলের নেতাকর্মীরা যুবলীগ নেতা শাহেদকে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে আটককারীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সার্বক্ষণিক পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছিল। তবে রোববার সকালে পুলিশের নজর এড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।

কঠোর নিরাপত্তার মধ্যেও একজন আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দায়িত্ববোধ ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ