বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণে চব্বিশের পর সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি। একই কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যও চূর্ণ হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য। দেশের স্বার্থ সর্বদাই তাদের কাছে নগণ্য হয়ে থেকেছে। যার প্রতিফল ভোগ করতে হচ্ছে দেশকে। দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণেই চব্বিশের পরে সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য চূর্ণ হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থই মুখ্য হচ্ছে, যার সুযোগ নিচ্ছে পতিত শক্তি। দেশকে অরাজকতা থেকে রক্ষা করতে দলান্ধ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। দেশকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, জুলাইয়ের প্রধান ভিত্তিমূলক দাবি ছিল রাষ্ট্র সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার। সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক এবং বিচার গতিহীন হয়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারে মনোযোগী হোন।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে তার দায় এড়াতে পারবেন না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, আপনাদের পতনের অন্যতম কারণ ছিল সহিংসতা ও সন্ত্রাস। পতনের পরেও সেই সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার কল্পনা আপনাদের জন্য বুমেরাং হবে। সেজন্য জাতির কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করুন। শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছে তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন। পাচারকৃত টাকা ফেরত দিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।











