হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সদ্য সাবেক সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।
তিন মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। আদালত ৩ মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পল্টনের ২ মামলায় ৩ দিন করে ছয় দিন আর মতিঝিলের মামলায় ৪ দিন।
জানা যায়, ২০১৩ সালের মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে।
অপরদিকে পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইসলাম মাওলানা জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।












