স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা রোগীদের চিকিৎসা দিতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১৫৯ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। এভাবে দেশের প্রতিটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালু করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০ শয্যার নিবিড়ি পর্যবেক্ষণ কেন্দ্রসহ (আইসিইউ) ১৫০ শয্যার কোভিড-১৯ ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস রাতারাতি দেশ থেকে চলে যাবে না। তবে করোনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। উন্নত বিশ্বের অনেক দেশ করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। আমাদের দেশেও করোনা অনেকটা নিয়ন্ত্রণে আছে। জনসচেতনতার মাধ্যমে এই ধারা অব্যাহত রাখতে হবে।











