spot_img
spot_img

বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় নারীকে হস্তান্তর করল বিজিবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খালিশাকোটাল সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ময়না বিবি (৩৫) নামে ভারতীয় এক নারীকে আটকের পর বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করার পর দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়।

ওই সীমান্ত এলাকার দায়িত্বে থাকা লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানে সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভারতের কুচবিহার জেলার সীমান্তবর্তী নো-ম্যান্স ল্যান্ডে ময়না বিবির বাড়ি। ছাগল খুঁজতে খুঁজতে ভুলবশত বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করেন বলে দাবি করেছেন তিনি। ময়না বিবি বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে খালিশাকোটাল গ্রামে অবৈধভাবে প্রবেশ করলে বালারহাট বিওপির টহল দল তাকে আটক করে।

আটকের পর জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার বসকোটাল গ্রামের তফুর উদ্দিনের মেয়ে। তাদের বাড়ি কাঁটাতারের বেড়ার বাইরে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে। ছাগল খুঁজতে খুঁজতে ভুলক্রমে বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করেছেন।

পরে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৫ এর ২ এস সাব-পিলারের পাশে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে ভারতের বসকোটাল বিওপির বিএসএফ সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ